বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা :
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে হাফিজুর রহমান ওরফে ইকবাল (৫৭) ও মাহমুদুল আজাদ ওরফে রিপন (৪৮) নামের দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ভেলারপাড়া এলাকায় হাবিবপুর-কেটরা পাকা সড়কের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার ৪ নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উজিরপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
মাহমুদুল আজাদ বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর কলোনি মহল্লার বাসিন্দা। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার ভেলারপাড়া গ্রামে পাকা সড়কের একটি কালভার্টের কাছে দুজন ব্যক্তিকে ইজিবাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে যুবকেরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলেন। তাদের আচরণ সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের বিরামপুর থানায় নিয়ে আসে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হাফিজুর রহমান ও মাহমুদুল আজাদ নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রমনা থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও নিজ থানায় দুটি করে পৃথক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে গ্রেপ্তার এড়াতে তারা ভারতে পালানোর চেষ্টা করছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ওই দুজনকে শুক্রবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।
আমন্ত্রণ/এসিজি


































