বগুড়া ব্যুরো:
শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শারদ উপহারস্বরূপ প্রায় দেড় হাজার মানুষের মাঝে পূজার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব বস্ত্র সকলের হাতে তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে শহরের দক্ষিণ চেলোপাড়া শনি মন্দির প্রাঙ্গণে বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের উদ্যোগে প্রতি বছরের মতো সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর এতে সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি বলেন, হাজার কিলোমিটার দূরে সুদূর লন্ডনে থেকেও তাদের নেতা তারেক রহমানের অন্তর এই বাংলার সাধারণ জনগণের জন্য কাঁদে। বিএনপি সর্বদাই অসাম্প্রদায়িক চেতনার দল, যে দল কখনো মানুষে মানুষে ভেদাভেদ করে না। তাইতো পূজার আগে তারেক রহমানের নির্দেশেই তারা উপহার নিয়ে সনাতন ধর্মাবলম্বী সকল মানুষের কাছে ছুটে যাচ্ছেন।
তিনি আরও বলেন, হিন্দু মানেই আওয়ামী লীগ এই কথাটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ এই বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ৮০ ভাগ জায়গা আওয়ামী লীগই বিভিন্ন সময় দখল করেছে। যা আর কখনো এই সোনার বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ সম্প্রীতি রক্ষার এক অনন্য নজির স্থাপিত হবে তারেক রহমানের হাত ধরেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী (হিরু), সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
আমন্ত্রণ/এসিজি


































