বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিবেদক :
বগুড়ার শেরপুর উপজেলায় নিখোঁজের আট দিন পর আবু বক্কর সিদ্দিক (৩৭) নামের এক অটোরিকশা চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে আবু বক্কর তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরদিন (২ আগস্ট) তার স্ত্রী ফুলমালা খাতুন শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন রাতেই উপজেলার ঘোগা বটতলা এলাকা থেকে তার অটোরিকশার বডি উদ্ধার করে পুলিশ। তবে চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কেল্লাপশি-বাগড়া সড়কের পাশে বস্টুমী গ্রামের একটি পুকুরে কয়েকজন শিশু তাল কুড়াতে গিয়ে লাশ ভেসে থাকতে দেখে। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাশ গলে যাওয়ায় দুর্গন্ধে চারপাশে বিরূপ পরিবেশের সৃষ্টি হয়। নিহতের মামাতো ভাই আবু সাঈদ লাশটি শনাক্ত করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আমন্ত্রণ/এসিজি


































