বগুড়া ব্যুরো :
বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারসহ চোরাচালান চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডল পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এস.এম.এ ফেরদৌস (৭৪) ও সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫)।
ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, বগুড়া ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া, মন্ডল পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা সাপের বিষ নিজ হেফাজতে রেখে তা বিক্রয়ের জন্য চেষ্টা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ঠনঠনিয়া, মন্ডলপাড়ায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এস.এম.এ ফেরদৌস (৭৪), ও সূত্রাপুরের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রমজান আলী (৫৫) কে গ্রেফতার করে।
আটককৃত আসামিদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টুনের মধ্যে ৫টি কাঁচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে রেড ড্রাগন কোম্পানী ফ্রান্সের তৈরি লিখা আছে। যার আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ হতে সংগ্রহ করে বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি

































