আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চোখের রোগ প্রতিরোধ এবং দৃষ্টি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়ে বগুড়ার ধুনটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্র্যাক ধুনট অফিস চত্বরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স নর্থ ওয়েস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ গোলাম রাব্বানী, বগুড়া-৩ এর রিজিওনাল ম্যানেজার (দাবি) মামুন হোসেন, বগুড়া-২ এর রিজিওনাল ম্যানেজার (প্রগতি) সাইদুর রহমান, ডিভিশনাল কো-অর্ডিনেটর ইদ্রিস আলী, এরিয়া ম্যানেজার ধুনট শরিফুর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর হাসানুল কবীর, ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার মনোয়ার হোসেন, তানিয়া সুলতানা ও ফয়জুল ইসলাম।
ক্যাম্পে মোট ৪৭০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা দেওয়া হয়। এর মধ্যে ১৩৫ জনকে বিনামূল্যে চশমা প্রদান, ৪৫ জন ছানি রোগী শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা এবং ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































