বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে বিএনপির দায়ের করা মামলায় পৌরসভার সাবেক কাউন্সিলর চন্দন কুমার দাস রিংকুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে শহরের রেজিস্ট্রি অফিস চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শেরপুর পৌর শহরের কর্মকার পাড়া এলাকার মৃত হিরেন চন্দ্র দাসের ছেলে এবং শেরপুর উত্তরবাহিনী পৌর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক।
জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওইদিন আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করেন। এসময় ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে দলীয় কার্যালয়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করা হয়।
এ ঘটনার এক বছর পর, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বিএনপির শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, মামলার তদন্তে চন্দন কুমার দাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাই তাকে আইনি প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
































