আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিলিন্ডার বিস্ফোরণের ফলে তিনটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরহাটী গ্রামের সিরাজুল ইসলাম নামের এক অটোরিকশাচালক নিজের বাড়ির পাশে একটি ছোট গ্যারেজে তিনটি সিএনজি চালিত অটোরিকশা রাখতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি গাড়িগুলো গ্যারেজে রেখে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত আনুমানিক ১২টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই গ্যারেজে আগুন ধরে যায়।
আগুনের লেলিহান শিখা দেখে সিরাজুল ইসলাম ঘুম ভেঙে ওঠেন এবং দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্যারেজে রাখা সবকিছু সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ধুনট ফায়ার সার্ভিসের দলনেতা হামিদুল ইসলাম বলেন, “৯৯৯ থেকে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে রওনা হই। তবে পৌঁছানোর আগেই গ্যারেজে থাকা তিনটি সিএনজি অটোরিকশাসহ সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।”
এই অগ্নিকাণ্ডে পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সিরাজুল ইসলাম। তার পরিবার এখন চরম আর্থিক সংকটে ভুগছে।
আমন্ত্রণ/এসিজি


































