আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে মিনু সরকার (২২) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার পারলক্ষীপুর-জয়ন্তিতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মিনু সরকার ওই গ্রামের আবুল কালাম সরকারের ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় তিন মাস আগে একই গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মিনু সরকার। প্রেমের সুযোগ নিয়ে তিনি তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সর্বশেষ ৭ জুলাই রাত ১০টার দিকে মিনু সরকার তরুণীর ঘরে প্রবেশ করে আবারও বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে শারীরিক সম্পর্কের পর মিনু বিয়েতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে বিষয়টি মিনুর বাবা-মাকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেননি। এতে ভুক্তভোগী তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন এবং সেদিন রাতেই ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ১২ জুলাই থানায় ধর্ষণ মামলা রেকর্ড করে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, “ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিনু সরকারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বিয়ের প্রতিশ্রুতিতে প্রেমিকাকে ধর্ষণ, ধুনটে কাঠমিস্ত্রি গ্রেফতার
জুলাই ১৩, ২০২৫
































