আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে চার ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বুধবার (২৫ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল এ অভিযান পরিচালনা করেন।
এ সব ব্যবসায়ীরা হলেন, পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে জিতেন্দ্র নাথ সাহা, পশ্চিম ভরনশাহী গ্রামের আমিনুল ইসলামের ছেলে সোহেল রানা, পাকুড়িহাটা গ্রামের লোকমান হোসেনের ছেলে জামিল উদ্দিন ও জোড়শিমুল গ্রামের রুহুল আমিনের ছেলে জুবায়ের হোসেন। প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, বাজারের বেশিরভাগ ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় করা, ড্রাগ লাইসেন্স না থাকা, এন্টিবায়োটিক ওষুধের রেজিস্টার সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য ফিজিক্যাল স্যাম্পল রাখার অভিযোগ ছিল। বার বার সতর্ক করার পরও তারা ড্রাগ আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেলে রিছিল এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ভ্রাম্যমান আদালতে চার ওষুধ ব্যবসায়ীর জরিমানা
জুন ২৬, ২০২৫


































