বগুড়া ব্যুরো:
বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জামায়াত-শিবির ঘরানার কর্মীদের অন্তর্ভুক্তি করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা। এ বিষয়ে প্রতিকার চেয়ে পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) রাতে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মাধ্যমে স্মারকলিপিটি জমা দেওয়া হয়।স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত এমন ২৩ জনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। একইসঙ্গে আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয়দেরও পদ দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা।
স্মারকলিপিতে বলা হয়, “১৫ বছর ধরে রাজপথে যারা জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছে, তাদের মূল্যায়ন না করে আওয়ামী লীগ ও জামায়াত-শিবির ঘরানার অনুপ্রবেশকারীদের দিয়ে জেলা কমিটি সাজানো হয়েছে। এতে দলের ভিতরে অসন্তোষ তৈরি হয়েছে।”পদবঞ্চিতরা অভিযোগ করেন, নবগঠিত কমিটির জেলা শাখায় ১৮ জন, শহর শাখায় ৩ জন এবং সরকারি আজিজুল হক কলেজ শাখায় ২ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণসহ তালিকা সংযুক্ত করা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তাঁদের দাবি—বগুড়া জেলা ছাত্রদলের কমিটি পুনর্গঠন করে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে।
স্মারকলিপির অনুলিপি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতের কাছেও পাঠানো হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহসভাপতি এম. আর. ইসলাম স্বাধীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খাইরুল বাসার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা খাতুনসহ আরও অনেকে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় ছাত্রদলের নতুন কমিটিতে ২৩ অনুপ্রবেশকারী’ তারেক রহমানকে পদবঞ্চিতদের স্মারকলিপি
জুন ১৮, ২০২৫
































