বগুড়া ব্যুরো :
উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ায় বিভাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন শামীম আহসান, হাবিবা হায়দার, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংবাদিক ফজলে রাব্বি ডলার, জহুরুল ইসলাম, হারুন অর রশিদ, মাসুদুর রহমান, রাকিব বিশ্বাস প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। ভৌগোলিক অবস্থান, আয়তন-ইতিহাস, ঐতিহ্য, শিল্প-কলকারখানা, শিক্ষা, স্বাস্থ সেবা, ফসল উৎপাদনসহ সবদিক থেকে এগিয়ে বগুড়া। বগুড়াকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই আছে। অথচ বগুড়াকে বঞ্চিত করা হচ্ছে। অন্তর্বতীকালীন সরকারের কাছে আমাদের দাবি আয়তন এবং অন্যান্য দিক বিবেচনা করে বগুড়াকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। বগুড়া বিভাগ হবে এটা আমরা প্রত্যাশা করি।
বক্তারা আরো বলেন, বগুড়া অঞ্চলের রয়েছে অনেক পুরোনো সংস্কৃতি। তাই সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে এটা বগুড়াবাসীর প্রাণের দাবি। অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে বগুড়াকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা আরও বেশি। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি


































