প্রদীপ মোহন্ত, বগুড়া প্রতিবেদক ও কাহালু প্রতিবেদক :
বগুড়ার কাহালুতে গাছের সঙ্গে মটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা-রানীরহাট আঞ্চলিক সড়কে মুলার সাঁকো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এতথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হচ্ছেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭), সোহানুর রহমান সোহান (১৭)। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)। তারা একে অপরের বন্ধু।
পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেল যোগে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে মুলার সাঁকো নামক স্থানে দ্রæতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তিনজনই সড়কের উপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যায়। স্থানীয় লোকজন অপর দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের মধ্যে জেমস এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সোহান লেখাপড়া করে না। আর গুরুতর আহত রাশেদুল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে। ওসি জানান, নিহত দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


































