বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়রি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়রি) আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-শেরপুর পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল (৩৮) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, সোমবার (২৪ ফেব্রুয়রি) রাত সাড়ে আটটার দিকে পৌরশহরের সকাল বাজার এলাকা থেকে ফেরদৌস সরকার মুকুলকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। একই রাতে উপজেলা পরিষদ গেট থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জুলাই শহরের ধুনট রোডের মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মামলাটি করেন আন্দোলনের নেতা রিফাত সরকার, যিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এই বিশেষ অভিযান চলমান থাকবে এবং পলাতক আসামিদের দ্রæত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি


































