হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের নবাবগঞ্জে সেনাবাহিনী সহ যৌথ অভিযানে পিস্তল-গুলি রাখার অভিযোগে একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বিপ্লব উপজেলার কুচদহ আজীবরপাড়ার আহাদ আলীর ছেলে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, গত মধ্যরাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার কুচদহ আজীবরপাড়ার বিপ্লব মিয়ার (২৬) বাড়ীতে পার্বতীপুরের মধ্যপাড়া পাথরখনি আর্মি ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল মো. মশিহ উদ্দিন আহমেদের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। এসময় ম্যাজিষ্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে বিপ্লবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অবৈধ ভাবে পিস্তল-গুলি সহ দেশিয় ধারালো অস্ত্র রাখার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে স্থানীয় বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর উত্তর পাশের একটি আম বাগান থেকে ১টি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ডগুলি, ১টি দা, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি রামদা উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী বিপ্লবকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত বিপ্লবের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। এব্যাপারে আজ বিকালে গ্রেপ্তারকৃত আসামীকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর পাশে একটি পুকুরের মাছ দেখাশুনা জন্য কাজ করতেন। গত ২ মাস আগে তাকে পুকুরের মালিক বাদ দেন। এরপর থেকে তিনি বাড়ীতে ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
নবাবগঞ্জে পিস্তল-গুলি সহ ১ জন গ্রেপ্তার
জানুয়ারি ২৮, ২০২৫
































