মুহাম্মদ কামারুজ্জামান, দিনাজপুর :
দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক, সমাজসেবী ডা. সাইদুর রহমান শনিবার (২১ ডিসেম্বর) সকালে ইন্তিকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, একমেয়ে, তিনছেলে, নাতী-নাতনীসহ, বহুসংখ্যক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ আসর দিনাজপুর সদর উপজেলার দিঘন দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুম সাইদুর রহমান কর্মজীবনে দক্ষতার সাথে কাজ করে গেছেন।
মরহুমের সকল সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত এবং সকলেই কামিল পাশ। তার দু’সন্তান ডা. ফরিদ উদ্দীন ও ডা. আরিফুর রহমানও চিকিৎসা সেবা প্রদান করে পিতার মতো সুনাম অর্জন করেছেন। এলাকায় তাকে অনেকেই গরীবের ডাক্তার হিসেবে চিনতেন। তিনি সকল মানুষকে ভালোবাসতেন। বিভিন্ন এলাকায় ছুটে বেড়িয়ে তিনি আমৃত্যু দাওয়াতী কাজ করে গেছেন। ছোটদের ¯েœহ, বড়দের সম্মান দেখানো সদালাপী ও সদা হাস্যজ্জল ডা. সাইদুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডা. সাইদুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা সেক্রেটারী মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমীর সিরাজুস সালেহীন, সেক্রেটারী কামরুল হাসান রাসেল।
গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডা. সাইদুর রহমানের মতো একজন সহজ-সরল ভালো মনের একজন দ্বীনের দ্বায়ী হারিয়ে আন্দোলনের যে ক্ষতি হলো, তা কোনোদিন পূরণ হবার নয়। তিনি আমৃত্যু শপথের আলোকে নিজের জীবন সাজিয়ে সে অনুযায়ী আমল করে আমাদের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর শহর জামায়াতের প্রবীণ রুকন ডা. সাইদুর রহমানের ইন্তেকাল : জামায়াত নেতৃবৃন্দের শোক
ডিসেম্বর ২২, ২০২৪


































