মো. আব্দুল্লাহ, কাহারোল (দিনাজপুর) :
দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নেরে মধ্য দিয়ে বয়ে গেছে ঢেপা নদী। তিন দশকের বেশি সময় ধরে এভাবে সাঁকো দিয়ে যাতায়াত করলেও এই নদীর ওপর হয়নি কোনো সেতু। তবে বর্ষা মৌসুমে আর সাঁকোটি ব্যবহার করা যায় না, তখন নৌকা দিয়ে পার হতে হয় এই নদী। এতে ভোগান্তি পোহাতে হয় প্রায় দুই পাড়ের ১৫ হাজার মানুষকে।
এলাকা ঘুরে দেখা যায়, নদীর এক পাড় থেকে অন্যপাড়ের দূরত্ব প্রায় এক হাজার ফুট। ভোর থেকে রাত ১২টা পর্যন্ত কয়েকটি গ্রামের দশ হাজারেরও বেশি মানুষ ঘাট দিয়ে চলাচল করে। প্রাথমিক বিদ্যালয় থাকায় ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদেরও।
এলাকাবাসীরা জানান, ব্রিজ না থাকায় ঈশানপুর, ঈশ্বরগ্রাম, বাড়ী ভাসা, কাজী কাঠনা, বলরামপুর, সাহাপাড়া, ফেরুষাডাঙ্গাসহ আরও কয়েকটি গ্রামের মানুষ ধান, গম, ভুট্টা বিভিন্ন হাট বাজারে নিয়ে যেতে পারেন না। এতে ফসলের ন্যায্য মূল্য পান না বলে জানিয়েছেন কৃষকরা।
তারা আরও জানান, এখন শীতকাল হলেও বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। সাঁকো পার হতে প্রায় ঘটে দুর্ঘটনা। তবে এই ব্রিজ হলে পাল্টে যাবে এলাকার চিত্র, পাল্টে যাবে মানুষের জীবনমান।
এ ব্যাপারে কাহারোল উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহমেদ জানান, অচিরেই আশ্রম ঘাটের ব্রিজের কাজ শুরু হবে।
দিনাজপুর জেলা প্রকৌশলী অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম বলেন, ‘ব্রিজ নির্মাণের অনুমোদন এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ঢাকা থেকে অনুমোদন হয়ে আসলে কার্যক্রম শুরু হবে।
আমন্ত্রণ/এসিজি


































