বগুড়া ব্যুরো :
বগুড়ায় মাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন আবেদন না মঞ্জুর করেছেন বগুড়ার আদালত। পুলিশের তদন্তে মায়ের হত্যায় সাদের সংশ্লিষ্টতা না পাবার পর পরিবার তার জামিন আবেদন করেছিলো।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমাইয়া সিদ্দিকা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন। বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে খুনিরা। পরদিন জিজ্ঞাসাবাদীর জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তার ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমানকে আটক করে র্যাব। পরে র্যাব জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল।
পরে মায়ের হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয় সাদকে। এরপর পুলিশ তদন্তে নিশ্চিত হয় মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। ১৫ নভেম্বর এই হত্যাকান্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। পরে দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ এমন তথ্যের পর রোববার সাদের জামিন আবেদন করে পরিবার। বৃহস্পতিবার সেই জামিন শুনানি শেষে সাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মাকে হত্যায় অভিযুক্ত সাদের জামিন না মঞ্জুর
নভেম্বর ২২, ২০২৪
































