মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে সাতোর ইউনিয়নের প্রাণ নগর এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাধন ঘোষ মাস্টারের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় ইসলাম মিয়া ওরফে ভুটুলিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্য দিবালোকে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাধন মাষ্টার একদল ভাড়াটে লোক সাথে নিয়ে লাঠি, সোটা ও দা দিয়ে প্রতিবেশী সাধারণ কৃষক ইসলাম মিয়া ওরফে ভুটুলিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে তার একটি শয়ন ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘেরা বেড়া ও টিন সাধন ঘোষের বাড়িতে নিয়ে যায়। খড়ের পালায় ও ঘরে অগ্নিসংযোগ করে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পূর্বের জমির জের ধরে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়ে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, নিরীহ ও দরিদ্র ইসলাম মিয়ার পরিবারের উপর নির্যাতন চালিয়েছে। মিথ্যা মামলার পর মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। সংঘর্ষে তার আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন ইসলাম মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধন মাস্টার বহিরাগত ভাড়াটে লোকজন দিয়ে আক্রমণ করে। সাধন মাস্টার একাধিক মামলার বাদী হয়েও নিজেই আইন হাতে তুলে নিয়ে যা না তাই করছেন। আদালতের আশ্রয়ে থাকা বিবাদমান জমিতে সন্ত্রাসী বাহিনী দ্বারা জবর দখলের চেষ্টা করেন। ভাঙচুর ও লুটপাট করা আইন বহির্ভূত, চরম বে-আইনি।
এ ব্যাপারে অভিযুক্ত সাধন ঘোষ মাস্টার জানান, জমিতে ১৪৪ ধারা জারি করেছি। আমি আমার জমি দখল করার চেষ্টা করবো।
আহত ইসলাম মিয়া ওরফে ভুটুলিয়ার স্ত্রী মোছাঃ মমিরন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। আমাদেরকে যে কোন মুহূর্তে জীবন নাশ করা সহ গ্রাম ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুরের মুঠোফোনে জানান, ৯৯৯ এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































