জয়পুরহাট সংবাদদাতা :
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে রোববার (২৭ অক্টোবর) রাত পৌণে একটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
শহরের আলহেরা একাডেমি নগরের নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। জয়পুরহাট থানার ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার গোলাম মাহফুজ চৌধুরী অবসর আক্কেলপুর উপজেলার পূর্ব আক্কেলপুর পার্ট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে জেলা শহরের আলহেরা একাডেমি নগর এলাকায় বসবাস করছেন।
অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ৪ আগস্ট গুলিতে শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা মজিদুল সরকার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় গোলাম মাহফুজ চৌধুরী ওরফে অবসর ৩০ নম্বর আসামি।
এ ছাড়া ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পট পরিবর্তনের পর থানা এলাকায় গুলিতে মারা যান মেহেদী নামে এক অটোচালক। এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে শেখ হাসিনা-ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় গোলাম মাহফুজ চৌধুরী অবসর ৫১ নম্বর আসামি। এ দুটি হত্যা মামলা ছাড়া গোলাম মাহফুজ চৌধুরীর নামে সদর ও পাঁচবিবি থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। সরকটি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে।
ওসি শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সদর থানায় ১০টি মামলা হয়েছে। এসব মামলার প্রায় সবকটিতেই গোলাম মাহফুজ চৌধুরীর নাম রয়েছে। মধ্যরাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
জয়পুরহাট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ চৌধুরী গ্রেপ্তার
অক্টোবর ২৮, ২০২৪


































