আমন্ত্রণ ক্রীড়া :
ফেবারিটের তকমা গায়ে জড়িয়েই পাকিস্তানের বিপক্ষে সাফের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল বাংলাদেশ। যাদের বিপক্ষে জিতলেই সাবিনা-মনিকাদের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যেত। কিন্তু সেই কাজটি করে দেখাতে পারেনি তারা।
সবশেষ আসরে গ্রুপপর্বে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া পাকিস্তানের সঙ্গে এবার ড্র করেছে পিটার বাটলারের শিষ্যরা। যে কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সেই লড়াইয়ে আলো ছড়াতে চাইছে মেয়েরা।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। শক্তি-সামর্থ্য বিবেচনায়ও তারা এগিয়ে। যদিও বাংলাদেশকেও হালকা করে দেখার সুযোগ নেই। সবশেষ আসরে প্রতিবেশীদের হারিয়েই প্রথমবারের মতো সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই জয় ম্যাচের আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। তবে চলতি আসরে ড্র দিয়ে মিশন শুরু করা বাংলাদেশের চেয়ে জয় নিয়ে মাঠ ছাড়া ভারত খানিকটা এগিয়েই থাকবে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরুর দিকে অগোছালো ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। দারুণ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ আক্রমণভাগ।
রক্ষণভাগও দুর্বলতা দেখিয়েছে। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল আশাহত করার মতো। সেই কথাই অকপটে স্বীকার করলেন মনিকা চাকমা, ‘আমরাও চেষ্টা করেছি যথেষ্ট, যেহেতু আমরা ১-০ গোলে হেরে যেতে বসেছিলাম, আমাদের ভেতরে একটা ভয় কাজ করছিল, শেষ পর্যন্ত আমাদের ফল কী হবে? ভয়ে ছিলাম। শেষ মুহূর্তে গিয়ে ড্র করেছি। পাকিস্তানের বিপক্ষে এই ফলে আমরা খেলোয়াড়রা সন্তুষ্ট না। আমরা তো একের পর এক আক্রমণ করেছি, আমাদের ফিনিশিংয়ে একটু সমস্যা ছিল, এ জন্য হয়তো পারিনি।’
সেমিফাইনালে খেলার সহজ সমীকরণ নিয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জয়, ড্র কিংবা দুই গোল ব্যবধানে হারলেও প্রাথমিক লক্ষ্য পূরণ করবে সাবিনার দল। তবে সেই সমীকরণের দিকে না তাকিয়ে নিজেদের ভুল শুধরে জয়ের দিকেই চোখ রাখছেন মনিকা।
ভুলের পুনরাবৃত্তি না করে দারুণ ফুটবল উপহার দিতে মরিয়া দল, এমনটা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা খেলোয়াড়রা সবাই সবার সঙ্গে আলাপ করেছি, কোন জায়গাতে কার কার ভুল হয়েছে বা কীভাবে খেলা দরকার, এগুলো নিয়ে আসলে সবাই আলোচনা করেছি। কী করলে আরও ভালো হতো সেটি নিয়েও আমরা খেলোয়াড়রা আলোচনা করেছি।’
আমন্ত্রণ/এসিজি
মনিকারা ভুলের পুনরাবৃত্তি চান না
অক্টোবর ২২, ২০২৪
































