বগুড়া ব্যুরো :
বগুড়ায় জমে উঠেছে অমর একুশের বইমেলা। ১০ দিনের এই মেলার বন্ধের দিন সোমবার ছিল স্টলগুলোতে উপচে পড়ে ভিড়। শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনার চত্বরে গত মঙ্গলবার (২০ ফেব্রয়ারি) থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার উদ্যোগে শুরু হয়েছে এই মেলা।
মেলায় তরুণ-তরুণীরা দল বেঁধে ঘুরেছেন, সেলফি ও ছবি তুলেছেন। বই কিনেছেন কম। অন্যদিকে মা-বাবার সঙ্গে মেলায় ঘুরতে আসা শিশু-কিশোরেরা প্রিয় লেখকদের বই কিনেছে, কেউ কেউ লেখক ও কবিদের অটোগ্রাফ সংগ্রহ করেছে।
মেলা ঘুরে দেখা গেছে, মেলায় নতুন বইয়ের সংখ্যা কম হলেও ক্রেতা-দর্শনার্থীর ভাটা পড়েনি। বাঙালির ভাষা ও ঐতিহ্য আঁকড়ে ধরে বিভিন্ন বয়সের মানুষ বইমেলা প্রাঙ্গণে ছুটে আসছেন। মেলায় ঘুরে বেড়াচ্ছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষেরা। অনেকে সপরিবারে এসেছেন প্রাণের মেলায়। এই বছর মেলায় ৪০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। অন্যান্য বছর মেলার মধ্যে নতুন লেখকদের সমাগম ও আড্ডা থাকলেও এবছর নতুন বইয়ের সংখ্যা কমে যাওয়ায় সেই দৃশ্য চোখে পড়েনি।
মেলা ঘুরে দেখা যায়, রকমারি বইয়ের সম্ভার দিয়ে সাজানো হয়েছে মেলার ৪০টি স্টল। এসব স্টলে শোভা পাচ্ছে নতুন-পুরোনো হরেক রকমের বই। পাশাপাশি স্থানীয় লেখকদের নতুন বইও এসেছে মেলায়। মেলা মঞ্চে কয়েকটি নতুন বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠান হয়েছে।
নিউজ কর্নার পাবলিকেশনের স্বত্বাধিকারী কালীপদ দাস টিপু বলেন, বিক্রির শীর্ষে থাকা বইগুলোর মধ্যে আছে মুহম্মদ জাফর ইকবালের ‘ওগো টুনটুনি কীগো ছোটাচ্চু’, মহিউদ্দিন আহমদের ‘১৯৭১ অবরুদ্ধ বাংলাদেশের শেষ দিনগুলি’ আনিসুল হকের ‘কখনো আমার মাকে’, সুমন্ত আসলামের ‘অর্ধেক তুমি অর্ধেক বনলতা সেন’, ইত্যাদি।
প্রতিবছরের মতো এবারও মেলায় স্টল নিয়েছে “আমাদের বুক্স” প্রকাশনী। সেখানে কথা হয় প্রতিষ্ঠানটির পরিচালক আবেদীন সনির সাথে। তিনি বলেন, কাগজের দাম কয়েকগুণ বেড়েছে। পুরাতন বইগুলোর নতুন মুদ্রণ ও লেখকরা নতুন বই প্রকাশ করতে পারেনি। স্টকের পুরোনো বই ছিল সেগুলো দিয়ে মেলার স্টল সাজানো হয়েছে।
তিনি বলেন, নতুন লেখক ইলমা বেহরোজের ‘প দ্ম জা’ ব্যাপক সাড়া তৈরি করেছে। এছাড়াও জাফর ইকবাল, আহমদ ছফাসহ বাকি লেখকদের বইয়ের দাম নতুন মুদ্রণে আগের চাইতে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি নির্ধারণ করা হয়েছে।
মেলার আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট সূত্র জানায়, এরআগে অমর একুশে বইমেলায় প্রতিদিন নতুন লেখকদের ন্যূনতম ৬ থেকে ৭টি নতুন বই প্রকাশ হলেও এবার সেই সংখ্যা অনেক কমে গেছে। প্রতিদিন মাত্র ২ থেকে ৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হলেও কোন কোন দিন তাও হচ্ছে না। গত ২০ ফেব্রæয়ারি শহীদ খোকন পার্কে শুরু হওয়া অমর একুশে বই মেলা আগামী ২৯ ফেব্রæয়ারি শেষ হওয়ার কথা। তবে একদিন সময় বৃদ্ধি পাওয়ায় এবার মেলা শেষ হচ্ছে আগামী পহেলা মার্চ।
সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার অর্থ সম্পাদক রবিউল আলম বলেন, এবারের মেলায় আগের তুলনায় নতুন বইয়ের সংখ্যা একেবারেই কম। প্রতিবার স্থানীয় লেখকরাই অসংখ্য নতুন বই প্রকাশ করে থাকেন। তবে কাগজের দাম বৃদ্ধির জন্য নতুন বই নেই বললেই চলে।

































