বগুড়া ব্যুরো ও ধুনট প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী আনন্দ বাদ্যকারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পেঁচিবাড়ি গ্রাম থেকে স্বামী আনন্দ বাদ্যকরকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আনন্দ বাদ্যকর উপজেলার পেঁচিবাড়ী গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে।
মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের এক বাদ্যকরের মেয়েকে প্রায় ৮ বছর আগে বিয়ে করে নরসুন্দর আনন্দ বাদ্যকর। সংসার জীবনে তাদের দুইটি ছেলে সন্তান রয়েছে। একসঙ্গে সংসার করাকালীন সময়ে আনন্দ বাদ্যকর মুঠোফোনে কৌশলে তার স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও দৃশ্য ধারণ করে রাখে। পরবর্তীসময়ে তাদের বনিবনা না হওয়ায় ৩১ জানুয়ারি ওই নারী ২ শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করতে থাকেন। এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠক করে কোন সমঝোতা হয়নি।
এক পর্যায়ে নির্যাতনকারী স্বামীর সংসার করবে না বলে জানিয়ে দেয় ওই নারী। এতে স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে আনন্দ। আগে থেকেই ধারন করে রাখা স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও দৃশ্য ২১ ফেব্রæয়ারি নিজের নামের ফেসবুক আইডির স্টোরিতে ছড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যে ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। মুঠোফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী অনেকের হাত ঘুরে ওই নারীর ফুফাতো ভাইয়ের নজরে আসে। ওই নারী নিজের নগ্ন ভিডিওর দৃশ্য দেখে শনিবার স্বামীর বিরুদ্ধে ধুনট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এস আই) মোস্তাফিজ আলম বলেন, আসামী আনন্দ বাদ্যকরের মুঠোফোনটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।
ধুনটে স্ত্রীর পর্ণোগ্রাফি মামলায় স্বামী গ্রেপ্তার
মার্চ ১, ২০২৪


































