আমন্ত্রণ প্রতিবেদক হিলি :
ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. মুশফিকুর রহমান চৌধুরী জানান, গতকাল বৃহস্পতিবার ছিল ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে এদিন ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কাল শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সপ্তাহের সাতদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার চালু থাকে।
আমন্ত্রণ/এসিজি
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আগস্ট ১৬, ২০২৪
































