গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ১০ মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৬৬ কোটি ৫৭ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। তবে সাম্প্রতিক মাস গুলোতে আমদানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়েও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা। যদিও লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি, তবুও এ সময়ে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার।
হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নিভর্ চাকমা জানান, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, আমদানি পণ্যের পরিমাণ কমে যাওয়া এবং কিছু নীতিগত জটিলতার কারণে রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হয়েছে। তবে চলতি বছরের শুরু থেকে আমদানি কার্যক্রম ধীরে ধীরে বাড়তে থাকায় রাজস্ব আদায়ের পরিমাণও বাড়ছে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে ভারত থেকে প্রায় ৬ লাখ ৬৪ হাজার মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, ফলমূল, পাথর, চাল ও বিভিন্ন ভোগ্যপণ্য।
মাস ভিত্তিক রাজস্ব আদায়ের হিসাব অনুযায়ী, জুলাইয়ে ৩৩ কোটি ৭৪ লাখ টাকা আদায় হলেও এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ২৯ লাখ টাকায়, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ আদায়।
এদিকে, বন্দরে আমদানি কার্যক্রম সচল রাখতে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলছেন, সামনে আমদানি আরও বাড়লে রাজস্ব ঘাটতি অনেকটাই কমে আসবে।
আমন্ত্রণ/এজি
হিলি কাস্টমসে রাজস্ব ঘাটতি বাড়লেও বাড়ছে আমদানি কার্যক্রম
মে ২১, ২০২৬


































