বগুড়া ব্যুরো :
বগুড়ায় একের পর এক মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। শহরের চকসূত্রাপুর কলোনীতে অভিযানের পর মাত্র তিনদিনের ব্যবধানে মাদকের আরও একটি বড় স্পট শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন রেলওয়ে কলোনিতে বøক রেইড করেছেন সেনাবাহিনীর সদর ক্যাম্পের আভিযানিক দল। মাদকবিরোধী বিশেষ বøক রেইড অভিযান চালিয়ে তাজা গুলি, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক নারীসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, মিঠুন, শান্ত, সুজন এবং রাজকুমারী। যারা প্রত্যেকেই রেলওয়ে কলোনীর বর্তমান বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার (১ মে) দিবাগত রাত ২টা থেকে সোমবার (২ মে) সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালায়।
অভিযানে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল চোলাই মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১০ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়। বøক রেইড অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।
ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, সেনা অভিযানে উদ্ধার মাদকদ্রব্য ও আসামীদের থানায় র্সোপদ করেছে। পরে নিয়মিত মামলা দায়ের শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তাজা গুলি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪
জুন ৪, ২০২৫


































