বগুড়া ব্যুরো:
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় অনেক আলেম ওলামাদের ওপর হামলা মামলা ও ইসলামী ওয়াজ নিষিদ্ধ করা হয়েছিল। অনেক ইসলামী বক্তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। ইসলামকে টিকিয়ে রাখতে অনেক আলেম-ওলামারা আন্দোলন করেছেন।
তিনি বলেন, একটি দল ইসলামের নামে বেহেস্তের টিকিট বিক্রি করছে। আমাদের ওলামা দলকে আরো শক্তিশালী করতে হবে। শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়ায় ওলামা দলকে অনেক শক্তিশালী করে গঠন করা হবে। এই দেশটাকে আমরা সকলে মিলেই গড়ে তুলতে চাই। সকলকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
আজ রোববার (১১ মে বেলা) সাড়ে ১১টায় বগুড়ার নবাববাড়ী সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওলামা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম প্রধান মাও: মোহা. ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাও: তাজ উদ্দিন, শেখ এনামুল হক, রাজশাহী সাংগঠনিক টিমের সদস্য মাও: ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, কাজী মাও: মোখলেছুর রহমান, মাও: আব্দুর রাজ্জাক।
আমন্ত্রণ/এসিজি
হাসিনার সময় আলেম ওলামাদের ওপর হামলা মামলা এবং ওয়াজ নিষিদ্ধ ছিল-বাদশা
মে ১১, ২০২৫


































