বগুড়া ব্যুরো :
বগুড়ার সোনাতলায় মসজিদ নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের উত্তর বয়ড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হকের বসত বাড়ির সামনে চরপাড়া-হুয়াকুয়া সড়কের পূর্ব পাশের্^ ৪/৫ শতক জমির ওপর মসজিদ নির্মাণের জন্য নিচু জমিতে মাটি ভরাটের কাজ শুরু করেছে। এসময় একই গ্রামের তোতা তরফদারের ছেলে ও জোড়গাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লেমন মিয়া (৩০) ও মৃত আব্দুল খালেকের ছেলে শ্যামল মিয়া (৩২) ওই জমিতে মসজিদ নির্মাণে মাটি ভরাট কাজে বাঁধা প্রদান করে। এমনকি ওই সেনা সদস্যসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে মোজাম্মেল হক বাদি হয়ে সোনাতলা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ নির্মাণে বাঁধা দিলে বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ প্রসঙ্গে জোড়গাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লেমন মিয়া বলেন, মাটি ভরাট করা জমির পাশে আমাদেরও জমি আছে। তিনি আমাদের জমিতেও মাটি ঢালছেন। এজন্য তাকে আপাতত মাটি ভরাট বন্ধ রাখতে বলা হয়েছে। দুই পক্ষের কাগজপত্র নিয়ে বসে বিয়ষটি সুরাহা করার জন্য বলা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































