রিমন আহম্মেদ, সোনাতলা (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবারী কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) রফিকুল বারী গত দেড়বছর ধরে ক্লিনিকে অনুপস্থিত।ফলে ওই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে দীর্ঘদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে রফিকুল বারী রফিকের বিরুদ্ধে। ফলে সোনাতলার অন্যান্য ক্লিনিকের এইচসিপিএইচ এদের মধ্যেও বিরাজ করছে অসন্তোষ।
সরজমিনে গেলে মূলবারী গ্রামের ষাটোর্ধ বয়সের ছাইফুল ইসলাম, আব্দুর রশিদ, শাহজাহান আলী ‘কালবেলা’র এ প্রতিবেদককে জানান, দীর্ঘ দেড়বছর ধরে মূলবারী কমিউনিটি ক্লিনিকের সেবা দানকারী (CHCP) রফিকুল বারী রফিক ক্লিনিকে আসেন না। প্রতিদিন এই এলাকার হতদরিদ্র শত শত নারীপুরুষ সেবা নিতে এসে ফেরৎ যাচ্ছে। ইউনিয়নের অন্যান্য ক্লিনিকের আশেপাশের মানুষ সেবা পেলেও আমরা বঞ্চিত হচ্ছি।
একই গ্রামের মাহফুজার রহমান বানু, রিপন ইসলাম, হাজেরা বেওয়া ও রহিমা বেগম অভিযোগ করে বলেন, এ এলাকার স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষদের পক্ষে আমরা একাধিকবার উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কাছে অভিযোগ করেও কোন ফল হয়নি। আমরা বুঝিনা, কোন অজানা কারণে অফিসাররা রফিকের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা নেননি। আমাদের দাবী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন, এ এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রাখা রফিকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়। তারা আরও দাবী করেছেন, যে অতি অল্পসময়ের মধ্যে যেন ক্লিনিকটি থেকে সেবা প্রদান করা হয়।
এ ব্যাপারে দিগদাইড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে থেকেই মূলবারী কমিউনিটি ক্লিনিকটি বন্ধ রয়েছে। সেবা পাচ্ছে না এ এলাকার হতদরিদ্র মানুষ। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কিছুই হয় না। তবে ক্লিনিকটি দ্রুত চালু করার জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল বারীর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারে মুঠোফোনের সুইচ বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হাসিবুর রহমান হাসিব জানান, মূলবারী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রফিকুল বারী তার কর্মস্থলে অনুপস্থিত। আমি বিষয়টি লিখিতভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করিয়েছি।তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিষয়টি নিয়ে ‘কালবেলা’র প্রতিবেদক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজের সাথে কথা বললে তিনি সিএইচসিপি রফিকুল বারী’র কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি নিয়মিত বেতন তুণছেন বলে আমরা জেনেছি। তাকে আমি মৌখিক এবং লিখিতভাবে জানিয়েছি। এখন তার বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
সোনাতলায় দেড়বছর ধরে অনুপস্থিত থেকেও স্বাস্থ্যকর্মী বেতন তুলছেন নিয়মিত
অক্টোবর ২৩, ২০২৫


































