বাঁধন কৃষ্ণ, শেরপুর (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শেরপুরে মাদক ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছেন পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবু রায়হান জন (৩৯)। বুধবার (৭ আগস্ট) বিকেলে পৌর শহরের সকাল বাজার ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে শেরপুর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত আবু রায়হান মৃত আল রাফি জুয়েলের ছেলে।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। অভিযোগ রয়েছে, সেদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা মিছিলে হামলা চালিয়ে বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মীকে আহত করেন। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ও বিএনপির কার্যালয়ে ভাঙচুর হয়। সেই মামলায় তিনি আসামি ছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন বলেন, ৫০ পিস ট্যাপেন্টাডলসহ আবু রায়হানকে আটক করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
আমন্ত্রণ/এসিজি
শেরপুরে মাদক ও বিস্ফোরক মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার
আগস্ট ৮, ২০২৫
































