বগুড়া ব্যুরো :
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুুদুর রহমান মান্না বলেছেন, দীর্ঘ পনের বছর ধরে লড়াই-সংগ্রামের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। শেখ হাসিনার পতনের আন্দোলনে দেশে ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। এক হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমরা শেখ হাসিনার মত আর কোনো স্বৈরাচার সরকার চাই না আর কোনো স্বৈরাচার সরকারের ঠাঁই হবে না। আমরা এখন নতুন দেশ গড়বো। যে দেশে থাকবেন না সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার।
আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাথার মুক্তমঞ্চে নাগরিক ঐক্য জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের আকাঙ্খিত নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। তারা আয়না ঘর বানিয়ে নিরিহ মানুষের উপর অমানবিক নির্যাতন করেছে। যে দেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিলো সেই দেশে আবারো নতুন করে অনেককে জীবন দিতে হয়েছে। আমরা দেশে শেখ হাসিনার মত আর কোন স্বৈরাচার সরকার চাই না। আমরা স্বপ্নের নতুন বাংলা গড়তে চাই। যে দেশ হবে স্বৈরাচারমুক্ত লুটেরামুক্ত।
নাগরিক ঐক বগুড়া জেলার নেতা অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবিক আনোয়ার, সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলার সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, পাপ্পু ইসলাম, শিবগঞ্জ উপজেলার আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা, যুগ্ম আহবায়ক এনামুল সরকারসহ অনেকেই।
আমন্ত্রণ/এসিজি
শেখ হাসিনার মত আর কোনো স্বৈরাচার সরকার চাই না -বগুড়ার সমাবেশে মাহমুদুর রহমান মান্না
নভেম্বর ২, ২০২৪


































