বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাবেক সভাপতি আজিজুল হকের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় গ্রেফতারিসহ ক্রোকি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভুতভাবে এক কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক দায়েরকৃত মামলার এ আদেশ দেয়া হয়।
গত ২৮ এপ্রিল বগুড়ার সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির ওই আদেশ জারি করে আগামী ১৫ মে এই মামলার পরবর্তী দিন ধার্য্য করেন। দুদকের কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম সোমবার বিকেলে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
আজিজুল হক বগুড়া জেলার শিবগঞ্জ পৌর এলাকার বানাইল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে জেলা কার্যালয়ে ২০২৪ সালের ২৯ জানুয়ারি ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি আজিজুল হকের প্রতি সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। আজিজুল হক গত ২০২৩ সালের ১০ মে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরনী দাখিল করেন।
ওই সম্পদ বিবরণী অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন। সম্পদ অর্জনের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জন করে আসামি আজিজুল হক দুর্নীতি দমন কমিশন আইনের অপরাধ করেছে মর্মে বলা হয়েছে।
মামলাটি তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক রোকনুজ্জামান ওই আসামিকে অভিযুক্ত করে গত বছরের ২৪ অক্টোবর স্বাক্ষরিত অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।
আমন্ত্রণ/এজি
শিবগঞ্জ উপজেলা আ. লীগ সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা
মে ৪, ২০২৬
































