বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে গভীর ও অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির হিড়িক পড়েছে। গত ৪৮ ঘন্টায় ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির ঘটনা ঘটেছে। চুরির পর সংঘবদ্ধ চোরের দল সেখানে রেখে যাওয়া চিরকুটে ফোন নম্বর দিয়ে লাখ টাকা করে চাঁদা দাবি করেছে। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শনি ও রবিবার রাতে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের সোনাপুরা, ময়দানহাট্টার হাটগাড়ি ও গোকর্ন গ্রামে এসব চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের সোনাপুরা গ্রামের কৃষক তমিজ মন্ডল দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্বে মাঠে অগভীর নলকূপ দিয়ে জমিতে সেচকার্য পরিচালনা করে আসছেন। গত শনিবার রাতে কে বা কারা অগভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফলে ওই এলাকার কৃষকরা সেচ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। অগভীর নলকূপের মালিক তমিজ মন্ডল বলেন, চোরের দল এর আগেও ৩ বার মিটার ও ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে এবং টাকা বিনিময়ে মিটার ফেরত পেয়েছি। এবারও তারা ৩টি ট্রান্সফরমা চুরি করে নিয়ে যাবার পর ট্রান্সফরমা ফেরত পেতে এই (০১৮৭৪-৬৭০৪৮১) থেকে ফোন দিয়ে বিকাশে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বৈদ্যুতিক খুঁটিতে ওই মোবাইল নম্বর ঝুলিয়ে দিয়েছে। উল্লেখিত বিকাশ মোবাইল নম্বর উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুড়িগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এর আগে আমার গভীর নলকূপের মিটার চুরি গিয়েছিল। আমি তাদের অজ্ঞাত নাম্বারে ১০ হাজার টাকা চাঁদা দিয়ে মিটার পেয়েছি। অপরদিকে গত শুক্রবার রাতে উপজেলা হাটগাড়ি গ্রামের কৃষক আবুল হোসেনের অগভীর নলকূপের ট্রান্সফরমা চুরি হয়েছে। এ ঘটনায় আবুল হোসেন সরকার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অপরদিকে গত রবিবার রাতে উপজেলার আটমূল ইউনিয়নের দোপাড়া গ্রামের কৃষক মুর্তজা আলী মটুর গভীর নলকূপ পাহারা দেওয়ার সময় রাত ১১টায় দিকে সংঘবদ্ধ চোরের দল পিছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে তার হাত-পা রশি দিয়ে ঁেবধে ও মুখে টেপ লাগিয়ে নলকূপ ঘরে ৬ ঘন্টা আটক রাখে। তার মাথায় হাতে ও পায়ে চাকু দিয়ে রক্তাক্ত করে জখম করে। পরে ৩টি ট্রান্সফরমা খুলে নিয়ে যায়। বর্তমানে কৃষক মটু শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কৃষক মটু বলেন, আমার ৩টি ট্রান্সফরমার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা হবে। এর আগে ময়দানহাট্টা ইউনিয়নের গোকর্ন মৌজার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে ৪৮ ঘন্টায় ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি, চিরকুটে চাঁদা দাবি
ফেব্রুয়ারি ৩, ২০২৫


































