আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। বছর দুয়েক আগে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি তাদের। মাত্র ২ বছরের মাথায় গত বছরের ১৭ সেপ্টেম্বর আলাদা হয়ে যান তারা। তবে মাঝেমধ্যে ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের নিজের আপডেট জানান পরীমণি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী।
একটি ছবি প্রকাশ করে পরী লিখেছেন, আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।
এরপর নিজের দুই সন্তানের কথা উল্লেখ করে চিত্রনায়িকা লিখেছেন, আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস।
পরে এক বছর আগে রাজের সঙ্গে বিচ্ছেদের ঘটনা উল্লেখ করে পরী আরও লিখেছেন, আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতো ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারো জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!
সবশেষে বিবাহ বিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করে তিনি লিখেছেন, শুকরিয়া। আমরা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!
আমন্ত্রণ/এসিজি
লাস্যময়ী অভিনেত্রী পরীমণির হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি
সেপ্টেম্বর ২০, ২০২৪
































