আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে (২৬) কৌশলে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় টুটুল সরকার টিটু (৪৫) নামে এক পিকআপ ভ্যান চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত টুটুল সরকার টিটু উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দুদু সরকারের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রতিবেশী ওই গৃহবধূর ওপর দীর্ঘদিন ধরেই কুনজর ছিল লম্পট টিটুর। গৃহবধূর সরলতার সুযোগ নিয়ে তাকে ইজ্জত হরণের বিভিন্ন ফন্দি আঁটে সে। একপর্যায়ে সরকারি রেশন কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে টিটু।
গত ২৫ জানুয়ারি দুপুরে রেশন কার্ডের কাজ করে দেওয়ার নাম করে ওই গৃহবধূকে কৌশলে উপজেলা পরিষদে নিয়ে আসে টিটু। সেখানে দিনভর বিভিন্ন অজুহাতে তাকে অপেক্ষা করানো হয়। দিন শেষে অফিসার নেই, আজ কাজ হবে না’ বলে ওই নারীকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় সে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির অদূরে সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে টিটু।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
এই ঘটনার পর থেকে অভিযুক্ত টিটু পলাতক রয়েছে। এদিকে এলাকায় এই ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক অপরাধের দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়েছেন।
আমন্ত্রণ/এজি
রেশন কার্ড করে দেওয়ার ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ২, ২০২৬


































