বগুড়া ব্যুরো:
বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে এক ছাত্রনেতার বিরুদ্ধে মাদক সেবনসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তার বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ-এর বিরুদ্ধে মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা শিক্ষার্থীদের মধ্যে বহুল প্রচলিত। তারা মন্তব্য করেন, এ ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও ওই ছাত্রনেতার দায়িত্বে থাকা শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য মোটেই শোভন নয়।
বক্তারা বলেন, “আমরা এমন কোনো ছাত্রনেতা চাই না, যিনি শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত করতে পারেন। একজন প্রকৃত ছাত্রনেতার মধ্যে নৈতিকতা, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণ থাকা জরুরি, যা আমরা তার মধ্যে দেখতে পাই না।” তারা কলেজ ক্যাম্পাসের পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের নেতাদের প্রতি অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য এর আগে ২৮ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
মাদকাসক্ত ছাত্রনেতার বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ডিসেম্বর ৫, ২০২৫
































