মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকারের অভিযানে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম অভিযান পরিচালনা করেন। ঢাকা টু পঞ্চগড় মহাসড়কের উপজেলা রোডস্থ মর্ডান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স নবায়ন নেই, ভিআইপি কেবিন নেই, মূল্য তালিকা দৃশ্যমান নেই, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর অনুমোদনহীনসহ অপরিষ্কার রাখার দায়ে সংশ্লিষ্ট আইনের ৪৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন। বীরগঞ্জ সরকারি কলেজ রোডস্থ সাহা মটরসকে বিভিন্ন মবিল কম মূল্যে ক্রয় করে, অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ৪১ ধারা মোতাবেক ৮ হাজার টাকা জরিমানা করেছে।
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছি। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ডা. মো. ইসমাঈল হোসেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ ফরিদ বিন ইসলাম, এসআইটি সামিউল ইসলাম এবং জেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও দোকানে জরিমানা ৫৮ হাজার টাকা
নভেম্বর ৭, ২০২৪
































