আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুর উপজেলার আদিবাসীপাড়া থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে ১ লাখ ৫ হাজার পিস দেশী মদ তৈরির ট্যাবলেট এবং ৪০ কেজি দেশী ভাং উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯ টায় ফুলবাড়ী ২৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওইদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এই মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের নম্বর-৫১১৫৩ হাবিলদার মো. মুর্তুজা শাহীনসহ বিজিবির একটি টহলদলের সহযোগিতায় আদিবাসীপাড়ায় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৫ হাজার পিস বাংলাদেশী মদ তৈরির ট্যাবলেট এবং ৪০ কেজি দেশি ভাং উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্যের সিজার মূল্য ১৫ লাখ ৮২ হাজার ২০০ টাকা। পরে উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্যগুলো ইউএনও নুজহাত তাসনীম আওন এর নির্দেশে ধ্বংস করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































