মাহমাদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলার দীঘলচাঁদ গ্রামে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের একটি পুরাতন চার্চ প্রতিপক্ষরা ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গুড়িয়ে দেওয়া ইউনাইটেড বেথেনিক চার্চের সুপার ভাইজার ইলিয়াস সরেন আজকের পএিকাকে বলেন, ৩নম্বর খাঁনপুর ইউনিয়নের দীঘলচাঁদ গ্রামের মুচিয়া মার্ডি খ্রীষ্টানদের উপসনালয় তৈরীর জন্য ৩০ শতক জমি দান করেন। সেই জমির উপর ২০০৮ সালে দুইতলা বিশিষ্ট্য ইউনাইটেড বেথেনিক চার্চ এর ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে মুচিয়া মার্ডির মৃত্যুর পর তার পুত্ররা সেই জমি নিজের বলে দখলে নেওয়ার চেষ্টা করে।
এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মুচিয়া মার্ডির ২ছেলে বিষান মার্ডি ও মিল্টন মার্ডি ভেকু নিয়ে এসে চার্চের বিল্ডিংটি গুড়িয়ে দিয়েছে।
বিল্ডিং ভাঙ্গার কথা অকপটে স্বীকার করে বিষান মার্ডি বলেন, জমিদানের সময় চাকুরী দেওয়াসহ বিভিন্ন শর্ত ছিল। চার্চ কর্তৃপক্ষ শর্ত পূরণ না করায় তারা চার্চের বিল্ডিং ভেঙ্গে দিয়েছেন।
৩নম্বর খাঁনপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ৫নম্বর ওয়ার্ড সদস্য ফ্লাবিউস হেমরম প্রতিপক্ষ দ্বারা বিল্ডিং গুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার (ওসি) মমতাজুল হক বলেন, গুড়িয়ে দেওয়া ইউনাইটেড বেথেনিক চার্চের সুপার ভাইজার ইলিয়াস সরেন শুক্রবার (১ নভেম্বর) দুপুরে থানায় এসে এজাহার দিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে চার্চ গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ
নভেম্বর ২, ২০২৪
































