আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরলে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সীমান্ত এলাকা থেকে দুইশিশুসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারীসহ দুইজন শিশু রয়েছে।
বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপি’র ৩২৯ নং মেইন পিলারের ৮ নং সাব-পিলার সংলগ্ন মৌচুষা গ্রামের দীঘিপাড়া এলাকায় শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে বিজিবি’র জোয়ানরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাঙ্গুয়া গ্রামের প্রভাষ চন্দ্র রায়ের ছেলে শ্রী পঞ্চানন রায় (৩৩), তার স্ত্রী তাপসী রানী রায় (২৮), তাদের শিশুসন্তান দিপ্ত চন্দ্র রায় (৩), বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের পরেশ চন্দ্র রায়ের ছেলে তপু চন্দ্র রায় (১৯) এবং রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্ব্রমের ছেলে পাওলিনা হেম্ব্রম (১৪)। বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। বিজিবির সদস্যগণ আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আটককৃতদের বিরল থানায় সোর্পদ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে বিরল থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক পাঁচজনের মধ্যে দুইশিশুকে তাদের স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বিরল সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশকালে দুইশিশুসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি
সেপ্টেম্বর ২৯, ২০২৪
































