বাধন কর্মকার কৃষ্ণ, শেরপুর (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) তে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের ঘটনায় ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।রোববার সকালে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর উপপরিচালক ও নিয়োগ কমিটির সদস্য মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকী গ্রামের মোঃ জাহিদ হোসেনের ছেলে জিহান আফ্রিদি ব্রাইট এবং রংপুরের কাউনিয়া উপজেলার নিজদর্পা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে শাপলা খাতুন।
জানাযায়, শনিবার (১ নভেম্বর) সকালে আরডিএ’র মহাপরিচালক ভবনে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত অনুষ্টিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র হিসেবে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, বিয়াম স্কুল এন্ড কলেজ ও সামিট স্কুল এন্ড কলেজ ভেনুতে পরীক্ষা গ্রহণ করা হয়।
ঐদিন বেলা দুইটার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালকের কার্যালয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয়। এ সময় লিখিত পরীক্ষার অংশগ্রহণকারী, জিহান আফ্রিদি ব্রাইট (রোল নং ৩১০০৩৩৩১) ও মোছাঃ শাপলা বেগম ( রোল নং ৩১০০৩০০৫) মৌখিক পরীক্ষা গ্রহনকালে সন্দেহের সৃষ্টি হয়। এ সময় তাদের লিখিত পরীক্ষার খাতার সাথে মৌখিক পরীক্ষার অসংগতি পরিলক্ষিত হলে, তাদেরকে আটক করে একাডেমিক ভবনে রাখা হয়। পরে বিকালে তাদেরকে পুলিশের সোপর্দ করে কর্তৃপক্ষ।
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহা-পরিচালক ড. এ. কে. এম. অলি উল্যা বলেন, “পরীক্ষা চলাকালে ভুয়া প্রমাণিত হওয়ায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে, প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।”
এব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন কালবেলাকে বলেন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর নিয়োগ সংক্রান্ত প্রতারণা ঘটনায় আটক হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীতে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় মামলা; আটক ২
নভেম্বর ২, ২০২৫


































