বগুড়া ব্যুরো :
এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সবাইকে ভোটারদের কাছে যাবার পরামর্শ দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে সঁপে দিলাম। এই ঘাঁটিকে দেখে রাখবেন, এখানকার জনগণকে দেখে রাখবেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় এই সভা শুরু হয়। শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন বিএনপির চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কেউ কেউ বলেছেন, ভোটারদের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, বসে থাকলে চলবে না। সবাইকে ভোটারদের কাছে যেতে হবে।
তিনি আরও বলেন, বগুড়ার সাতটি আসনেই আমাদের বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। এ জন্য সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।
বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, অতীতেও নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি ঠিকই, কিন্তু আমার নির্বাচনের দায়িত্ব আপনাদের। কারণ সারা দেশে নির্বাচনী প্রচারণায় আমাকে যেতে হচ্ছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ও সহিদ-উন-নবী।
বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রে উপস্থিত থেকে ভোট প্রদান নিশ্চিত করা এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।
সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান।
সভা শেষে নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের বক্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছেন এবং আসন্ন নির্বাচনে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে ধরে রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
পরে শনিবার দুপুরে উত্তরবঙ্গ সফর শেষে ঢাকায় ফেরার পথে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। তার বক্তব্যে তিনি বলেন, আমাদের শক্তির মূল উৎস হলো জনগণের ঐক্য। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে যে দেশপ্রেমিক শক্তি অবিচল। ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বা আন্দোলন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত ধাপ, যেখানে ব্যালটই হবে প্রধান হাতিয়ার।
সকাল ৯টা থেকেই বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর দেড়টায় তারেক রহমান শাহজাহানপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথসভা শেষে বিশাল গাড়িবহর নিয়ে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও দলীয় সমর্থকরা তাকে করতালি ও স্লোগানে অভিবাদন জানান।
স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, তারেক রহমানের এই সফর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।এর পর দুপর ২টার দিকে তারেক রহমান বগুড়ার শেরপুর উপজেলা ধুনট মোড় এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। এসময় তিনি বলেন, ধানের শীষ যতবার বিজয়ী হয়েছে, ততবারই দেশ ও এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে শেরপুর-ধুনটের সন্তান গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “বহু বছর পর আজ আপনাদের মাঝে ফিরে এসেছি। এজন্য মহান রব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় শেরপুর ও ধুনটবাসী, আগামী ১২ তারিখে বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে আপনারা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমরা আবারও সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।”
তিনি আরও বলেন, “নিজেদের এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ—আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে জয়যুক্ত করবেন।”
পথসভাকে ঘিরে শেরপুর-ধুনট এলাকার হাজারো মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে ও পথসভাস্থলে ভিড় জমান। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে পথসভায় বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ, কেন্দ্রীয় বিএনপির সদস্য একে এম মাহবুবার রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু প্রমুখ। পরে তিনি সিরাজগঞ্জের পথে রওনা হন।
আমন্ত্রণ/এজি


































