শেরপুর (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের নলডাঙ্গী (গজারিয়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি গরু ও ২টি ছাগল পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে হাজী আফসার আলীর গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ওই রাতে আফসার আলী (৬০) গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে দরজা তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ গরুর চিৎকার শুনে তার ছোট ভাইয়ের স্ত্রী নূপুর দৌড়ে এসে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও খড়কুটো আর দাহ্য পদার্থে তৈরি গোয়ালঘরে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ফলে শিকলে বাঁধা থাকা গরু ও ছাগলগুলো আর রক্ষা করা যায়নি।
ক্ষতিগ্রস্ত আফসার আলী জানান, অগ্নিকাণ্ডে তার ৮টি গরু ও ২টি ছাগল মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সর্বশান্ত হয়ে পড়েছেন।
এব্যাপারে শেরপুর থানার এসআই বিকাশ জানান, গোয়ালঘরে মোট ১০টি গরু ছিল। এর মধ্যে ৮টি আগুনে পুড়ে মারা গেছে এবং বাকি ২টি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শেরপুরে কয়েলের আগুনে ৮ গরু ও ২ ছাগল পুড়ে ছাই
আগস্ট ২৯, ২০২৫


































