বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদ্পানে এক নালী ইউপি সদস্রার স্বামীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মিজানুর রহমান লিটন (৫৫)। তিনি খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (৪,৫,৬ নং ওয়ার্ড) সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমের স্বামী। মিজানুর রহমানের লাশ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গুরুতর অসুস্থ চারজন হলেন—নাছিদুল সোনার (২৭), আব্দুল্লাহেল কাফি (৩০), আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০) এবং মানিক আকন্দ (৩০)। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাঁরা একসঙ্গে মদ্যপান করেন। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। বাকিদের কিডনি ডায়ালাইসিস করা হলেও কেউই এখনও কথা বলার মতো অবস্থায় নেই।
হাসপাতালে উপস্থিত লিটনের এক আত্মীয় জানান, লিটনসহ পাঁচজন একসঙ্গে মদ্যপান করেছিলেন। রাতে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত মদ্যপানের কারণে তাঁর কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়।
অসুস্থ নাছিদুলের মা নাছরিন বেগম বলেন, দুর্গাপূজার দিন ছেলেটা বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিল। রাতে অসুস্থ হয়ে পড়ে। তখনই হাসপাতালে নিয়ে আসি। এখনো অবস্থার উন্নতি হয়নি।
আব্দুল্লাহেল কাফি ও রঞ্জু মিয়ার পরিবারের সদস্যরা জানান, বিষাক্ত মদ কোথা থেকে এসেছে আমরা জানি না। অসুস্থরা এখনো কিছু বলার মতো অবস্থায় নেই।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা, ফরহান বিন সফিক বলেন, বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের কিডনির অবস্থা ভালো নয়।
শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই কৃষ্ণ বলেন, মৃত লিটনের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাজাহানপুর থানা তদন্ত করবে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে নারী ইউপি সদস্যার স্বামীর মৃত্যু, অসুস্থ ৪
অক্টোবর ১১, ২০২৫


































