মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক কমিটি, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিত, গুজব প্রতিরোধ, জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং নারী–পুরুষের পৃথক যাতায়াতের ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া ব্যুরো :
আগামী ১৬ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ শারদীয়া উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে এবার বগুড়া জেলার ৭২৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ, জেনারেটর ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা এবং নারী-পুরুষের পৃথক যাতায়াতের ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টায় সাতমাথা সনাতন মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।
সভায় বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল এবং বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে গোপাল তেওয়ারি, রাম নারায়ণ কানু, প্রভাত সাহা, বিকাশ সাহা, আশীষ রায়, কালাচাঁদ সাহা, অশোক সাহা, অসিত দেবনাথ, রণজিত চৌধুরী, মিহির সরকার, পবিত্র মোহন্ত, উত্তম কুমার, অঞ্জন প্রামাণিক, বাঁধন কর্মকার কৃষ্ণ, পংকজ চক্রবর্তী, সুবীর দত্ত ও মানিক সরকার বক্তব্য রাখেন।
সভায় জেলা, মহানগর ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকরা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে মতামত দেন। সভায় জানানো হয়, এবার বগুড়া জেলায় সর্বমোট ৭২৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ৭২৫ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
অক্টোবর ২, ২০২৬
































