আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক দম্পতির বিরুদ্ধে আবুল কাশেম (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ওই শিক্ষকের ডান হাত ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেম ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
এ ঘটনায় আহত শিক্ষক আবুল কাশেম বাদী হয়ে শুক্রবার দুপুরে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের ইছাহার আলীর ছেলে আব্দুল মজিদ ও তার স্ত্রী রুনা খাতুনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক আবুল কাশেমের সঙ্গে প্রতিবেশী আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। সালিশে গ্রামের মাতব্বরদের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত অমান্য করেন আব্দুল মজিদ। পরবর্তীতে দফায় দফায় বৈঠক হলেও দুই পরিবারের মধ্যে বিরোধের কোনো সমাধান হয়নি।
এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুল মজিদ ও তার স্ত্রী শিক্ষক আবুল কাশেমের জমির সীমানায় থাকা বাঁশের তৈরি বেড়া ভাঙতে শুরু করেন। এ সময় আবুল কাশেম তাদের বাধা দিলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা আবুল কাশেমকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন এবং লোহার রড দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙে দেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষক দম্পতি পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে জমিজমা বিরোধে কৃষক দম্পতির হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষকের হাত ভাঙার অভিযোগ
মার্চ ১৪, ২০২৬
































