বগুড়া ব্যুরো:
বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় একটি অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে ১৬০০ কেজি পলিথিন জব্দ করেছে র্যাব ও জেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ‘মা পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুতের দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরপাড়া এলাকায় ওই কারখানায় ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এবং র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।
অভিযান চলাকালে কারখানাটি থেকে প্রায় ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা অনুযায়ী অবৈধভাবে পলিথিন উৎপাদন ও মজুতের দায়ে কারখানার মালিক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
র্যাব-১২ বগুড়ার কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জব্দ করা পলিথিনগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































