বগুড়া ব্যুরো:
বগুড়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও বাতাসের আর্দ্রতার কারণে জেলাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও বিকেল হলেও কোথাও সূর্যের দেখা মিলেনি। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ ও ছিন্নমূলরা। শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত রোগ জ্বর সর্দ্দিকাশি, ডায়ারিয়া নিমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আবহাওয়া অফিস বলছে বগুড়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ রয়ে চলছে।
আজ সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।
এ দিকে শীত নিবারণে সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। ভোর থেকেই রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। পেটের তাগিদে বাইরে বের হওয়া মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে।
এ বিষয়ে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আমন্ত্রণ/এজি


































