লম্পট জাকারিয়া একজন বদ স্বভাবের লোক। এর আগেও এরকম একাধিক ঘটনার কথা শোনা গেছে। কিন্তু সম্মানের ভয়ে কেউ প্রকাশ করেনি এবং আইনের আশ্রয়ও নেয়নি।
বগুড়া ব্যুরো :
বগুড়ার শাজাহানপুরে ৬বছর বয়সি এক শিশু ধর্ষণের অভিযোগে জাকারিয়া হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাকারিয়া উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি পাড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে। প্রায় দেড় যুগ আগে স্বভাবজাত কারণে নিজ গ্রাম থেকে বিতাড়িত হয়ে বর্তমানে সে একই ইউনিয়নের কাঁটাবাড়িয়া মধ্যপাড়ায় তার শ্বশুরের জমিতে বসতবাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের এক পরিবহন শ্রমিক বুধবার (১৪ ফেব্রæয়ারি) দুপুর ১টার দিকে তার ৬ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে চড়া পাথারে ঘাস কাটতে যান। ঘাস কাটার এক পর্যায়ে মেয়েকে পাথারে রেখে কিছু ঘাস বাড়িতে রাখতে যান। বাড়িতে ঘাস রেখে ফিরে গিয়ে দেখেন তার মেয়ে নেই। পরে বাড়িতে এসে জানতে পারেন তার মেয়ের পেটে ব্যথা। ক্রমেই ব্যথা বাড়তে থাকলে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। কিন্তু ব্যথা না কমলে রাতে মেয়েটি তার মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।
মেয়েটির বাবা জানান, মেয়েকে একা পেয়ে পাশের জমিতে কাজে লিপ্ত থাকা জাকারিয়া তার মেয়েকে ধর্ষণ করে। রাতে মেয়ের কাছে জানার পর স্থানীয় ইউপি সদস্যের পরামর্শে থানা পুলিশকে জানালে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেও একাধিক দিন এরকম ঘটনা ঘটিয়েছে বলে তার মেয়ে জানিয়েছে। স্থানীয়রা জানান, বৃদ্ধ জাকারিয়ার টার্গেটই ছিল শিশু। শিশুদেরকে ফুসলিয়ে জোর করে একের পর এক ধর্ষণ চেষ্টা করে আসছিল সে। সম্মানের ভয়ে ভুক্তভোগীরা তা প্রকাশ করেননি। গ্রেপ্তারের পর বিষয়টি প্রকাশ পেতে শুরু করেছে। এখন পর্যন্ত ৬ জনের কথা শোনা যাচ্ছে। এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল বাছেদ জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটির বাবা তার স্ত্রী ও ওই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে বিষয়টি জানান। বিষয়টি জানার পর স্থানীয় এক সাংবাদিককে জানানো হয়। পরে সাংবাদিকের পরামর্শে ভুক্তভোগী পরিবারকে থানা পুলিশের আশ্রয় নিতে বলা হয়। বিষয়টি জানার পরপরই ওই রাতেই থানা পুলিশ লম্পট জাকারিয়াকে গ্রেপ্তার করেন।
তিনি আরো জানান, লম্পট জাকারিয়া একজন বদ স্বভাবের লোক। এর আগেও এরকম একাধিক ঘটনার কথা শোনা গেছে। কিন্তু সম্মানের ভয়ে কেউ প্রকাশ করেনি এবং আইনের আশ্রয়ও নেয়নি। এই দুশ্চরিত্র লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসি। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিষয়টি জানার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণ মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
বগুড়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার
ফেব্রুয়ারি ২৩, ২০২৪
































