বগুড়া ব্যুরো :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে বগুড়ায় উত্তেজনা ও উল্লাস আনন্দ মিছিল হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পরপরই শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। একই সঙ্গে ভাঙা আওয়ামী লীগ কার্যালয়ে ফের আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে । তবে পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের সাতমাথা এলাকায় শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে আনন্দ মিছিল করে ছাত্রদল। পরে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আগেই ভেঙে ফেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিলে বিক্ষুব্ধরা, কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নেভায়।
এছাড়া এনসিপির জলেশ্বরীতলার অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল নিয়ে সাতমাথার জুলাই স্তম্ভে সমবেত হয় নেতাকর্মীরা।এনসিপি নেতা ডা. আব্দুল্লাহ আল সানীসহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
এসময় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশের নেতৃত্বে আলাদা আরেকটি আনন্দ মিছিল বের হয়। এই মিছিলটিও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শত শত নেতাকর্মী এতে অংশ নেয়। পুরো শহরে রায়কে কেন্দ্র করে এক ধরনের সতর্ক অবস্থান বিরাজ করছে। শহরের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চৌকি বসানো হয়েছে এবং টহল বৃদ্ধি করেছে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
আমন্ত্রণ/এসিজি


































