বগুড়া ব্যুরো ও শাজাহানপুর প্রতিবেদক :
বগুড়ার শাজাহানপুরে ড্যান্সিং প্যাটার্নে মোটরসাইকেল চালাতে গিয়ে ট্রাকের চাকার নিচে ঢুকে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা (২২) এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর অজ্ঞাতনামা (২২) এক আরোহী। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার বি-ব্লক নামক স্থানে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৯৩৭) ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে ড্যান্সিং প্যাটার্নে মোটরসাইকেল চালিয়ে বেপরোয়াভাবে একই দিকে যাচ্ছিলেন দুই যুবক। বি-ব্লক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলটি ট্রাকের পিছনের চাকার নিচে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলসহ একজন মৃত ব্যক্তি ও একজন গুরুতর আহত ব্যক্তি কে উদ্ধার করা হয় আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত্যু ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
আমন্ত্রণ/এজি


































